আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে নাগেশ্বরীতে রোড শো

“কুড়িগ্রামের নাগেশ্বরীতে ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ, অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে কালীগঞ্জ ইউনিয়নে রোড শো অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ২৮ সেপ্টেম্বর ২০২৬ মহিলা যুব সমাজ কল্যাণ সমিতি এমজেএসকেএস)-এর বাস্তবায়নে অগ্রযাত্রা প্রকল্পের আওতায় কালীগঞ্জ ইউনিয়নে এ রোড শোর আয়োজন করা হয়। রোড শোটি দীর্ঘভাইজ্যা প্রাথমিক বিদ্যালয় মোড় থেকে শুরু হয়ে কালীগঞ্জ বাজার, কালীগঞ্জ ঘাট, ভবানন্দেরকুটি মোড়, মাঝিপাড়াসহ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
রোড শোতে অংশগ্রহণকারী স্থানীয় শিল্পীরা বিভিন্ন সচেতনতামূলক বার্তা ও গানের মাধ্যমে জনগণের মধ্যে তথ্য জানার অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেন। একই সঙ্গে অগ্রযাত্রা প্রকল্পের কর্মীরা তথ্য অধিকার আইন-সংবলিত লিফলেট জনসাধারণের মধ্যে বিতরণ করেন।
এ সময় ডিজিটাল ও সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে কোনো তথ্য গ্রহণ বা প্রচারের আগে তার সত্যতা যাচাই করার প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরা হয়।
আয়োজকরা বলেন, তথ্য অধিকার জনগণের ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সঠিক তথ্য নাগরিকদের সচেতনতা বৃদ্ধি ও সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় তথ্য অধিকারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তারা আরও বলেন, অপতথ্য, গুজব ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার রোধে তথ্যের উৎস যাচাই এবং দায়িত্বশীলভাবে তথ্য প্রচার করা জরুরি।
অগ্রযাত্রা প্রকল্পের পক্ষ থেকে জানানো হয়, ডিজিটাল যুগে তথ্য দ্রুত ছড়িয়ে পড়ায় একদিকে যেমন মানুষের তথ্যপ্রাপ্তির সুযোগ বেড়েছে, অন্যদিকে ভুল ও অপতথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকিও বেড়েছে।
রোড শোতে অগ্রযাত্রা প্রকল্পের সংশ্লিষ্ট কর্মী, সিএসও সদস্য, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা জানান, তথ্য অধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নির্ভরযোগ্য তথ্য ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।