থ্যালাসেমিয়ায় আক্রান্ত হোসাইনের চিকিৎসায় সহায়তার আশ্বাস সমাজসেবা কর্মকর্তার।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পূর্ব সুখাতী খেড়বাড়ি এলাকার থ্যালাসেমিয়ায় আক্রান্ত হোসাইনের চিকিৎসা সহায়তার জন্য উপজেলা সমাজসেবা কার্যালয়ে আবেদন করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে হোসাইন ও তার বাবা আমিনুল ইসলাম চান্দু প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় হোসাইনের শারীরিক অবস্থা ও পরিবারের বিষয়ে খোঁজ নেওয়ার পাশাপাশি চিকিৎসা সহায়তার জন্য প্রয়োজনীয় কাগজপত্র গ্রহণ করা হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন জানান, থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসার জন্য সমাজসেবা অধিদপ্তরের আর্থিক সহায়তা কর্মসূচি রয়েছে। এ কর্মসূচির আওতায় যোগ্য আবেদনকারীদের চিকিৎসা সহায়তা হিসেবে এককালীন ৫০ হাজার টাকা অনুদান দেওয়ার ব্যবস্থা রয়েছে।

তিনি বলেন, হোসাইনের পরিবারের কাছ থেকে আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র নেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী আবেদনটি প্রক্রিয়াকরণ করে চিকিৎসা সহায়তার ব্যবস্থা করা হবে।
এর আগে হোসাইনের চিকিৎসার জন্য জরুরি O+ রক্ত ও আর্থিক সহায়তার প্রয়োজন উল্লেখ করে সংবাদ প্রকাশ করা হয়। ওই সংবাদ সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেনের নজরে এলে তিনি হোসাইনের পরিবার থ্যালাসেমিয়া রোগীদের জন্য সমাজসেবা অধিদপ্তরের সহায়তা কর্মসূচিতে আবেদন করেছে কি না, তা জানতে চান। আবেদন করা না হয়ে থাকলে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করার পরামর্শ দেন তিনি।

পরবর্তীতে হোসাইন ও তার বাবা সমাজসেবা কার্যালয়ে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করেন।