সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ নিহার রঞ্জন বর্মার অকাল মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছে জেলার বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি। জানা যায়, বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমি উলিপুরের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ বেতার-টেলিভিশনের নিয়মিত শিল্পী ভূপতী ভূষণ বর্মার ছোট ভাই নাগেশ্বরী মহিলা বিষয়ক অধিদপ্তরের সুপার ভাইজার দুই সন্তানের জনক নিহার রঞ্জন বর্মা ছিলেন উত্তরাঞ্চলের অন্যতম দক্ষ ঢোল ও তবলা বাদক । চিকিৎসার জন্য কলকাতায় অবস্থান শেষে গত ৪ সেপ্টেম্বর বাড়ি ফেরার পথে ট্রেনে তার মৃত্যু হয়।
তার অকাল মৃত্যুতে ৭ সেপ্টেম্বর কুড়িগ্রাম শহরের শাপলা চত্বর শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়। এ সময় জেলার বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত হয়ে প্রয়াত নিহার রঞ্জন বর্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনকালে বক্তারা বলেন, নিহার রঞ্জনের মৃত্যু কুড়িগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি। তার বাদ্যযন্ত্রের সুর ও সাংস্কৃতিক অবদান দীর্ঘদিন স্মরণে থাকবে।
এ সময় প্রয়াতের আত্মার শান্তি কামনা করে সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেন তার বড় ভাই বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত শিল্পী ভূপতীভূষণ বর্মা।
তবলা ও ঢোল বাদক নিহার রঞ্জনের অকাল মৃত্যুতে বিভিন্ন জনের শ্রদ্ধাঞ্জলি।









