ব্রহ্মপুত্রের বুকে সারি সারি নৌকা বাইচ। মাঝিদের ছন্দময় বৈঠার ঝাপটায় উত্তাল নদীর ঢেউ। আর নদীর দুই তীরে মানুষের উপচেপড়া ভিড়—সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশ। এমনই আবহে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়ায় শুরু হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।
‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নৌকা বাইচ প্রতিযোগিতা’ নামে তিন দিনব্যাপী এ আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন হয় রোববার (৫ অক্টোবর) বিকেলে নুনখাওয়া ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের তীরে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন।
উদ্বোধনের পর অতিথিদের নৌকায় তুলে নৌকা বাইচের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করা হয়। এ সময় বৈঠার তালে তালে নৌকার ছুটে চলা, মাঝিদের হর্ষধ্বনি আর দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে ব্রহ্মপুত্রের দুই তীর।
আয়োজকরা জানান, গ্রামবাংলার দীর্ঘদিনের ঐতিহ্য ও লোকসংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ আয়োজন। নৌকা বাইচ দেখতে স্থানীয়দের পাশাপাশি দূরদূরান্ত থেকে বিপুলসংখ্যক দর্শনার্থী নদীর তীরে ছুটে আসেন। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে নদীর পাড় পরিণত হয় এক মিলনমেলায়।
অনুষ্ঠানে বক্তব্য দেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক প্রধান, উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোকলেছুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম শফি, হাসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার নৌকা অংশ নিচ্ছে। প্রতিদিনই ব্রহ্মপুত্রের তীরে দর্শনার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ থাকবে বলে আশা করছেন আয়োজকরা।
নৌকা বাইচ প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন নুনখাওয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম।
নাগেশ্বরীতে নৌকা বাইচেব্রহ্মপুত্রের দুই তীরে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়








