নাগেশ্বরীতে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার ৫ অক্টোবর উপজেলা প্রশাসনের উদ্যোগে নাগেশ্বরী উপজেলা প্রশাসন হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক রিয়াজুল ইসলামের উপস্থাপনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম,উপজেলা বিএনপির আহ্বায়ক ও সহকারী অধ্যাপক গোলাম রসুল, উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আব্দুল মান্নান।
এছাড়া নাগেশ্বরী সরকারী কলেজের প্রভাষক খাদেমুল ইসলাম, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা মমতাজ,নাগেশ্বরী ২ নংসরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক রওশন আরা,প্রাথমিক শিক্ষক সমতির
সভাপতি বাবুল করিম, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন,একটি উন্নত, সমৃদ্ধ ও শিক্ষিত জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
তারা আরও বলেন, শিক্ষকদের মর্যাদা, অধিকার ও পেশাগত সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।