নাগেশ্বরীতে তিন দিনব্যাপী কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাংলাদেশ স্কাউটস নাগেশ্বরী উপজেলা শাখার আয়োজনে তিনদিনব্যাপী কাব ক্যাম্পুরীর কার্যক্রমের শুভ উদ্বোধন হয়েছে। ১২ সেপ্টেম্বর শনিবার বিকালে প্রশাসন স্কুল প্রাঙ্গনে উৎসব মুখর পরিবেশে এ কাব ক্যাম্পুরীর উদ্বোধন করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাব স্কাউট সদস্যরা অংশগ্রহণ করেন। তিনদিনব্যাপী এ আয়োজনে কাব স্কাউটদের শারীরিক ও মানসিক বিকাশ, শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি এবং দেশ ও সমাজের প্রতি দায়িত্ববোধ তৈরিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি তাঁবু স্থাপন, দলীয় কাজ, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা ধরনের স্কাউটিং কার্যক্রমের আয়োজন রয়েছে।

আয়োজকরা জানান, শিশু-কিশোরদের মধ্যে আত্মনির্ভরশীলতা, সহযোগিতার মানসিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে কাব স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনদিনের এ কাব ক্যাম্পুরী সফলভাবে সম্পন্নের মধ্য দিয়ে অংশগ্রহণকারী কাব স্কাউটদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। এসময় উপস্থিত ছিলেন ক্যাম্প চীফ ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা, ডেপুটি ক্যাম্প চীফ ও বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার কমিশনার ইউনুস আলী, স্কাউটসের সাধারন সম্পাদক ও শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, শিশুবিতান অধ্যক্ষ জহুরুল হক মিঠু,প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম,সংবাদকর্মী ও বাংলাদেশ বেতার রংপুরের ভাওয়াইয়া শিল্পী এবং অনুপম প্রকাশনীর জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম শফি, ডেপুটি চীফ ও মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম,সাব ক্যাম্প চীফ বিশ্বনাথ সরকার,রেহেনা সুলতানা,ফরিদুল ইসলাম, নাসিমা খাতুন,গ্রপ সভাপতি রিয়াজুল ইসলাম,প্রগ্রাম চীফ আব্দুল মতিন,আলফিনা খাতুন হ্যাপি,রেশমা সিদ্দিকা তমা, মিজানুর রহমান, শাজাহান,শুশান্তসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক স্কাউট লিডারসহ শিক্ষার্থীবৃন্দ।