কুড়িগ্রামে ভাওয়াইয়া সম্রাট আব্বাছ উদ্দীন আহমেদের ১২৫ তম জন্মবার্ষিকী পালিত

কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে জেলা প্রশাসকের সহযোগীতায় শহরের কলেজ মোড় শহীদ মিনার চত্বরে এ উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা সদরসহ বিভিন্ন উপজেলা থেকে আগত ভাওয়াইয়া শিল্পীরা গান পরিবেশন করেন।

দুই দিনব্যাপী এ আয়োজনে শিল্পীদের কণ্ঠে পরিবেশিত হয় উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ভাওয়াইয়া গান। শিল্পীদের সুরেলা পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো শহীদ মিনার প্রাঙ্গণ। গান উপভোগ করতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উৎসবস্থলে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।
আয়োজকরা জানান, ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দীন আহমেদের স্মৃতি ও সংগীতচর্চাকে ধরে রাখা এবং উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ভাওয়াইয়া গানকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই এ উৎসবের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি শফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান টিউটর, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার, জেলা জাসাসের সভাপতি হাবিবুর রহমান সবুজ,বাংলাদেশ বেতার রংপুরের সিনিয়র শিল্পী ভুপতীভূষণ বর্মা, পঞ্চাননসহ স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।
এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে ভাওয়াইয়া গানের ঐতিহ্য ও সমৃদ্ধ সাংস্কৃতিক ইতিহাস আরও বিকশিত হবে বলে মনে করছেন সংস্কৃতিপ্রেমীরা।